রাতেও উত্তাল শাহবাগ, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে। দাবি একটাই, শহিদ শরিফ ওসমান হাদির বিচার। বিচার না পেলে ছাড়বেন না রাজপথ। নেতাদের হুঁশিয়ারি, প্রয়োজনে তারা যমুনা অবরোধ করবেন।  

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের মতো রাতেও উত্তাল রাজধানীর শাহবাগ, চলছে স্লোগান। 

শাহবাগ চত্ত্বর থেকে মাত্র কয়েক গজ দূরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত শহিদ শরীফ ওসমান হাদি। মৃত্যুর দশ দিন পেরিয়ে গেলেও ধরা পরেনি তার হত্যাকারীরা। হাদি হত্যার বিচারের দাবিতে হাজার হাদি এক হয়েছেন।

হাদির সতীর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও জড়ো হচ্ছেন আন্দোলনস্থলে।

হাদি বিভিন্ন বক্তৃতায় বলেছিলেন, তিনি মারা গেলে পরবর্তী প্রজন্ম বাংলাদেশের জন্য লড়াই করবেন। তার প্রতিফলন দেখা যায় শাহবাগে।

হাদি পরবর্তীতে ইনকিলাব মঞ্চের প্রধান আবদুল্লাহ আল জুবায়েরের হুঁশিয়ারি, বিচার দাবিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবেন তারা।

তিনি জানিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেছেন তারা। আজ শনিবারও শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি।