ঢাকার সব পার্ক-গণপরিসর পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরের সব পার্ক ও গণপরিসর জনসাধারণের ব্যবহারের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ঢাকা শহরের যে সব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যে সব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেট সংলগ্ন শহীদ আনোয়ারা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে।

প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

এসময় তিনি জানান, এই উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করবো। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। মাঠে যে সব স্থাপনা রয়েছে আগামী মাসের ১৫ তারিখের মধ্যে সব সরিয়ে পরিষ্কার করে দেওয়া হবে।

এর আগে ২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রায় সাত বছর পর আজ এটি পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।