হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খাঁন (৪৫) নামের এক রাইড শেয়ারিং (পাঠাও) চালক নিহত হয়েছেন।

রোববার দিনগত রাত (১ ফেব্রুয়ারি) সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খাঁনের ছেলে। তিনি সপরিবারে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় বসবাস করতেন।

উদ্ধারকারী ও নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানান, আব্দুল হামিদ পেশায় একজন পাঠাও চালক ছিলেন। রোববার রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পথে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।