বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণতম শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন।
রোববার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিজ জন্মস্থান নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক সাখাওয়াত আলী খান ১৯৪১ সালে নরসিংদীর শিবপুরে জন্মগ্রহণ করেন। শিক্ষকতায় যোগ দেওয়ার আগে তিনি প্রায় এক দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন।
দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করার পর ২০০৮ সালে তিনি অবসরে যান। এরপর পাঁচ বছর সুপার নিউমারারি অধ্যাপক এবং মৃত্যুর আগ পর্যন্ত অনারারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।