তেল বিক্রিতে অনিয়ম, মিরপুর প্রিন্স বাজারকে বড় অঙ্কের জরিমানা

সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করার বাধ্যবাধকতা আরোপ করার অপরাধে রাজধানীর মিরপুরের প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রিন্স বাজারে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা।

ক্রেতাদের অভিযোগ ছিলো, তিন হাজার টাকার পণ্য না কিনলে সয়াবিন তেল বিক্রি করছে না প্রিন্স বাজার।  

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের বলেন, বাজারে সয়াবিন তেলের কোনো ঘাড়তি নেই। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। 

প্রিন্স বাজারের অনিয়মের বিষয়ে তিনি বলেন, নির্দিষ্ট পরিমাণ অর্থের পণ্য না কিনলে তেল দেয়া যাবে না, এটা ভোক্তার সাথে প্রতারণা। কোনো দোকানি ক্রেতাকে এভাবে পণ্য কিনতে বাধ্য করতে পারে না। 

এই অপরাধে তাদেরকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে সারাদেশে র‍্যাবের অভিযান চলবে।