সান্তাহারের দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালক বরখাস্ত, বাড়তি ভাড়ার অভিযোগ সঠিক নয়: রেল প্রতিমন্ত্রী

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেনচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে রেলের মাঠ পর্যায়ের কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেন যাত্রীসেবা বিঘ্নিত না হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রতিমন্ত্রী বলেন, সান্তাহারের দুর্ঘটনা কাটিয়ে বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে যেকোনো দুর্ঘটনার দায় সরকারের ওপরই বর্তায়। অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরই অংশ হিসেবে ওই এলাকার স্টেশন মাস্টার ও চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও যোগ করেন, রেলের কর্মীরা সতর্ক থাকলেও যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে দুই থেকে তিনগুণ বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রী কল্যাণ সমিতি যে প্রতিবেদন দিয়েছে, সেটিকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো যাত্রী দ্বিগুণ ভাড়ার বিষয়ে সরাসরি অভিযোগ করেনি। যাত্রীসেবা পর্যবেক্ষণে তিনি এদিন কমলাপুর স্টেশনে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গেও কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব জানান, বর্তমানে দুটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। এবারের ঈদযাত্রার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো ত্রুটি বা ব্যর্থতা থাকলে ঈদের পর তার ফলাফল নির্ধারণ করা হবে। এছাড়া ঈদের পর রেলসেবাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।