মৌচাক ফ্লাইওভারে মিললো মানুষের পোড়া মরদেহ, পরিচয় নিয়ে রহস্য

রাজধানীর শাহজাহানপুর এলাকায় মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতোটাই ভস্মীভূত যে সেটি নারী না পুরুষের, তা বোঝার কোনো উপায় নেই। এমনকি নিহতের বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি।

রোববার (১২ এপ্রিল) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৌচাক মোড়ে ফ্লাইওভারের ওপর দুই স্প্যানের মাঝখানের ফাঁকা স্থান থেকে পোড়া দেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফ্লাইওভারের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে ওই পোড়া মরদেহ দেখতে পান। পরে তারাই পুলিশকে বিষয়টি জানান।

নিহতের পরিচয় ও লিঙ্গ নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক বিভাগকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। এছাড়া এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নির্বাপণ করেছিলো। ওই আগুনের ঘটনার সঙ্গেই এই মরদেহের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআই মো. মেহেদী হাসান বলেন, মরদেহটি কীভাবে সেখানে এলো বা কীভাবে পুড়ে মারা গেলো, তা এখনও তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন ও ডিএনএ পরীক্ষার ফল পেলে বিস্তারিত জানা সম্ভব হবে।