বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে একটি ভবনের ১১ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসার ১১ তলায় আগুন লাগে। 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে, অর্থাৎ ৬টা ৪৫ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।   

আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।