ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন শিল্পী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।
এছাড়া আজ দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।
নড়াইলের বাসিন্দা শামিমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন পুলিশ বাহিনীতে।
এর আগে আন্তর্জাতিক নারী পুলিশ এসোসিয়েশনের (আইএডব্লিউপি) সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন শিল্পী। ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়াও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদকও দায়িত্ব পালন করেছেন শিল্পী।
শামীমা পারভীনের স্বামী রকিবুল ইসলাম বকুল জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ। তিনি বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামীমা পারভীন শিল্পী ছিলেন জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন শিল্পী।