রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে সংস্থাটি। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। একে একে যোগ দিয়ে বর্তমানে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।