ঢাকায় সালিশে মারামারি, ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ঢাকায় একটি বিবাদের সালিশ-মীমাংসা করতে গিয়ে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছিলেন বলে জানা গেছে। 

পুলিশের একটি সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় একটি বিবাদের সালিশি বৈঠকের জন্য বিল্লাল আনারকলি মার্কেট এলাকায় যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। ওই সময় আনারকলি মার্কেটের সামনের গলিতে ওতপেতে থাকা ‘অজ্ঞাতনামা ১০-১২ জন’ দুর্বৃত্ত তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়।

হামলাকারীরা বিল্লালের বুকের ডান পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

স্থানীয় সূত্র বলছে, নিহত বিল্লাল হোসেন তালুকদার গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিলো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রমনা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পূর্বশত্রুতা নাকি সালিশি বৈঠকের তাৎক্ষণিক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।