কোনো সরকার বাকস্বাধীনতা দমিয়ে বেশিদিন টেকে না: মাহ্দী আমিন

বিএনপি সরকার বাকস্বাধীনতা হরণে বিশ্বাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাকস্বাধীনতা দমন করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে সবচেয়ে বেশি বাকস্বাধীনতা হরণের শিকার হয়েছেন, তবে এ ধরনের দমন-পীড়নের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফল উৎসবে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। 

তিনি আরও উল্লেখ করেন, একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশের মানুষের ভেতরের গণতান্ত্রিক ঐক্যকে অটুট রাখতে চায় দলটি।

জনগণের অধিকার ও দেশের উন্নয়ন প্রসঙ্গে মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।