কাশিমপুর কারাগার থেকে পালানো সেই নারী বন্দি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। পরে রোববার র‌্যাব তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

এর আগে কারাগারের প্রাচীর টপকে রিম্পা পালিয়ে যান বলে জানায় কারা কর্তৃপক্ষ সূত্র। এ ঘটনায় শুক্রবার গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করা হয়।

চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডের সাজায় রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।