গণতন্ত্র নস্যাতে মুখিয়ে পাশের দেশ, রক্ষাই বড়ো চ্যালেঞ্জ: দুদু

দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেছেন, দেশের গণতন্ত্র নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ মুখিয়ে রয়েছে। তাই এই মুহূর্তে গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।

সোমবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ফোরাম’ আয়োজিত ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে মাদকের বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমানে মাদক সারাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং দিন দিন এর ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ার কারণে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। এই ভয়াল মাদকের বিস্তার অব্যাহত থাকলে দেশের শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতি ধ্বংস হয়ে যাবে। এ সময় মাদক নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, তিনি যে এলাকায় বাস করেন, সেখানে অলিগলিতে মাদকের বিস্তার এতোটা ভয়াবহ আকার ধারণ করেছে যে স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার করলেও অলিগলির এই ভয়াবহ চিত্র যদি সারাদেশের বাস্তব চিত্র হয়ে থাকে, তবে দেশ এক চরম বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি বলেও মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, জিয়া নাগরিক সংসদের সিনিয়র সহসভাপতি ডা. আনিসুল আউয়াল।