রাজধানীর মিরপুরে ‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খোলা বাজারে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়ালঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন শত শত সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। মুহূর্তেই দেয়ালের নিচে চাপা পড়েন লাইনে থাকা বেশ কয়েকজন নারী ও পুরুষ।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর মধ্যে গুরুতর আহত নাছিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাচীরটি ঠিক কী কারণে হঠাৎ ধসে পড়লো, তা খতিয়ে দেখা হচ্ছে।