রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, অভিযানের সময় জাকিরের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার। তিনি দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিলেন।
পুলিশের তথ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামিল কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় কাজ করতেন। পরবর্তীতে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে কার্যক্রম অব্যাহত রাখেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এর আগে গত ৭ জুলাই রাত আনুমানিক রাত ৯টার দিকে মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে (৩৮) হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটে।
ওই ঘটনায় জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শ্যুটার মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) অস্ত্র ও গুলিসহ মিরপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
ঘটনার পর মিরপুর মডেল থানায় দুটি নিয়মিত মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে মামলা। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।
গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন, স্ত্রীর আত্মসমর্পণ
মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ