রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, লেকের বর্জ্য পরিষ্কারের জন্য এসটিপি স্থাপন করা হচ্ছে। তিন থেকে চার মাস পরেই স্বপ্নের লেক দেখা যাবে।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, সুয়েরেজ লাইন লেকে দেওয়া বিগত সরকারের ভুল আর সে কারণেই লেক অপরিষ্কার ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি আর বলেন, ইতোমধ্যে ১০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটি একনেকে পাস হলে লেক পরিষ্কারে কাজ করা সম্ভব হবে।
এছাড়া হাতিরঝিল লেকে নিরাপত্তার জন্য আনসার বাড়ানো ও ময়লা ফেলার জন্য হাজারো বিন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।