বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার লক্ষ্যে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এই সহায়তার কথা জানায়।
সহায়তা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এদিন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার ২০২৬-২৮ মেয়াদের মানবিক সহায়তা প্যাকেজের আওতায় প্রদত্ত এই অর্থায়ন হবে নমনীয় এবং বহু-বছর মেয়াদি। বিশ্বের অন্যতম অসহায় ও ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাসমূহের ধারাবাহিকতা বজায় রাখতে এই অর্থ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।