কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
কলকাতার হোটেলে আগুনের ঘটনায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না কিংবা তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাইলে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি। শুধু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সেখানে যা যা করার প্রয়োজন, ভারত তা করবে।
এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণের বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন। তবে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি বা এ-সংক্রান্ত কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং দেশটি তার সফরের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনার।