ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং বিখ্যাত বাঘাবাড়ী ব্র্যান্ডের ঘি’সহ ১০টি পণ্য বাজার থেকে অনতিবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
একই সঙ্গে এসব নিম্নমানের পণ্যের অনুকূলে বিএসটিআই থেকে দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মানহীন প্রমাণিত হওয়ায় ভোক্তাদের এসব পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে সংস্থাটি।
বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের নিয়মিত নজরদারির (সার্ভিল্যান্স) অংশ হিসেবে সম্প্রতি বাজার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ল্যাব টেস্টে বাঘাবাড়ির ‘ঘি’তে মিল্ক ফ্যাট বা আসল ঘিয়ের কোনো উপাদানই পাওয়া যায়নি। মূলত পাম অলিন ও বনস্পতি দিয়ে তৈরি করে তা ‘ঘি’ নামে বাজারে বিক্রি করা হচ্ছিলো।
ল্যাবরেটরি পরীক্ষার ফলে দেখা যায়, বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত কারী পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা এবং মাছের মসলা —বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী মোট ‘অ্যাশ’ ও ‘লবণের’ মাত্রা অতিরিক্ত থাকায় অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ মানের চেয়ে নিম্নমানের ঘি ও বাটার অয়েল প্রস্তুতকারী বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের ‘নিউ রাঁধুনী’ ব্র্যান্ডের ঘি, ও ‘সিটি’ ব্র্যান্ডের ঘি, এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েল।
পরীক্ষায় এসব ঘি ও বাটার অয়েলের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু এবং পলেন্সকে ভ্যালু নির্ধারিত সীমার বাইরে পাওয়ায় এগুলোকে মানহীন ঘোষণা করা হয়।
এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুসারে পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান এতে ব্যর্থ হলে বিএসটিআই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
ভোক্তাদের উদ্দেশ্যে তিনি পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের উপাদান যাচাই করার পরামর্শ দেন। এছাড়া কোনো পণ্যের মানহীনতা বা ভেজাল সংক্রান্ত অভিযোগ থাকলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বর অথবা dg@bsti.gov.bd ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছেন।