ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে ২১টি মোটরসাইকেল হস্তান্তর করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গুলশান নগর ভবনে বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের হাতে মোটরসাইকেলগুলোর চাবি ও ওয়ারেন্টি কার্ড তুলে দেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, ফিল্ড ওয়ার্ক, রাজস্ব আদায়, মশক নিয়ন্ত্রণ, রাস্তাঘাট তদারকি ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের যাতায়াত সহজ করতে এবং কাজের গতি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘনবসতি ও যানজটের কারণে ঢাকার অনেক এলাকায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না। মোটরসাইকেল ব্যবহারের মাধ্যমে সরু রাস্তা ও অলিগলিতে সহজেই পৌঁছে তদারকি এবং বর্জ্য ও মশক নিয়ন্ত্রণের কাজ করা যাবে।
এ ছাড়া যেসব এলাকায় মানুষের চলাচল কম এবং পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানে দ্রুত ডেঙ্গুর লার্ভা শনাক্ত ও মশক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া সম্ভব হবে, যোগ করেন তিনি।
প্রয়োজন হলে ভবিষ্যতে আরও মোটরসাইকেল সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।