রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেয়।
এর আগে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই ২৭ জনকে আদালতে হাজির করা হয়।
তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৮ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন।
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে বৈঠক করছেন—এমন অভিযোগের পর পুলিশ কার্যালয়ে যায়। সেখানে উপস্থিত ২৭৮ জনকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়।