রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবোদয় হাউজিং-সংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকায় সোমবার রাতে কিশোর গ্যাংবিরোধী এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা করা হলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় আগে ছয়জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য।
এর আগে শনিবার মোহাম্মদপুরের শেখেরটেকে একটি বাড়ি দখলের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে সোমবার রাতে আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কিশোর গ্যাং পরিচালিত হচ্ছে। তাদের তৎপরতায় এলাকায় আতঙ্ক ও নানা ধরনের ভোগান্তি তৈরি হয়েছে।
আদাবর থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, শুধু অভিযান ও গ্রেপ্তার নয়, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানকে সময় দেওয়া, সুশিক্ষা ও সামাজিকভাবে সচেতন করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।