মিরপুরে হোপ মার্কেটে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, ১০-১৪ নম্বর সড়ক বন্ধ

রাজধানীর মিরপুরের হোপ মার্কেটে ‘অবৈধ’ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর অভিমুখী সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সকালের পর থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ১০ থেকে ১৪ নম্বরের মধ্যবর্তী এলাকায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি চলছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন স্থানীয় হকাররা। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মিরপুর ১০ নম্বর মোড় থেকে ১৪ নম্বরের দিকে যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে পথ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে ওই এলাকায় তীব্র যানজট ও সাধারণ পথচারীদের ভোগান্তি তৈরি হয়।

পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। এলাকাটিতে এখনও চরম থমথমে ভাব বিরাজ করছে।

এদিকে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়ার সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একাত্তর টেলিভিশনসহ কয়েকটি সংবাদমাধ্যমের ওপর হামলা করেছেন হকাররা। সময় টেলিভিশনের একজন ক্যামেরাম্যানের মাথা ফাঁটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। উপস্থিত সাংবাদিকরা ওই এলাকায় সহকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করতে অনুরোধ জানিয়েছেন।

বিস্তারিত আসছে...