সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়।

চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত বিবরণী, হিসাব খোলার আবেদন ফরম, গ্রাহক পরিচিতি যাচাইসংক্রান্ত (কেওয়াইসি) নথি এবং হিসাব খোলার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সব লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। দেশের একাধিক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এ ধরনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ব্যাংক হিসাবের তথ্য তলবের ঠিক দু'দিন আগেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন এই কনটেন্ট ক্রিয়েটর। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবস্থিত সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

তবে স্টুডিওতে সংগঠিত ভাঙচুর ও হামলার ঘটনার সঙ্গে বিএফআইইউ কর্তৃক ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলবের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে আর্থিক গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কোন কোন ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে কিংবা কোন তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে, সে বিষয়েও বিস্তারিত মন্তব্য মেলেনি। স্টুডিওতে হামলার ধাক্কা সামলে ওঠার মাঝেই হঠাৎ বিএফআইইউর এই তৎপরতায় নতুন করে চাপে পড়লেন বিতর্ক ও আলোচনায় থাকা এই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর।