মালয়েশিয়ায় লোক পাঠানোয় অনিয়ম: ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।

বিষয়টি সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে শ্রম বাজারে সিন্ডিকেট তৈরি, অতিরিক্ত অর্থ আদায় ও কর্মী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গত ১৯ জুলাই সরকার ওই ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন জানান ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকেরা। শুনানি শেষে হাইকোর্ট সরকারের দেওয়া লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানালে শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন। ফলে গত ১৯ জুলাই সরকারের গৃহীত লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল রইলো।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এক চাকরির কথা বলে অন্য চাকরিতে নেওয়া, নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় কিংবা অবৈধ উপায়ে বিদেশে কর্মী পাঠানোর মতো মানবপাচার ও প্রতারণামূলক কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা সরকারের রয়েছে। এই আদেশের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম রোধে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তই প্রতিষ্ঠিত হলো।