আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক ধ্বংস শাখার কনস্টেবল মো. রেজাউল করিমকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে সিআইডি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকার একটি বিরিয়ানির দোকান থেকে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের 'বিসমিল্লাহ বিরানি ঘর' নামের এক দোকানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ার চেষ্টা করলে চতুর কনস্টেবল রেজাউল করিমকে ঘিরে ধরে আটক করা হয়। পরবর্তীতে তাঁর পরিহিত প্যান্টের পকেট তল্লাশি চালিয়ে ১৭৯ গ্রাম ওজনের মোট ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করেন অভিযানকারী সদস্যরা।
ডিএমপির প্রসিকিউশন শাখা জানিয়েছে, গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।
