ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
মঙ্গলবার (৬ অক্টোবর) এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বেলা সোয়া ১২টার দিকে একই স্থানের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী আরও এক অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া যায়। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।