বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন।
জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, চিফ হুইপ এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে মরহুমের তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আটটা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই প্রবীণ বিএনপি নেতা। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর পর তার রুহের মাগফিরাত কামনা করে এবং জীবনের ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা বাদ যোহরে পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত হবে। এরপর বেলা তিনটায় শ্যামপুর কদমতলীর লাল মসজিদে শেষ জানাজা শেষে তাকে জুরাইন গোরস্তানে তার বাবার কবরে দাফন করা হবে।