ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিং ব্যবস্থার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের চলমান টানা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) হাসপাতাল পরিচালকের সঙ্গে ফলপ্রসূ বৈঠক এবং পরবর্তীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মালিক সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে স্থায়ী পার্কিংয়ের সুনির্দিষ্ট দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ঢামেক হাসপাতালে জরুরি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন শুরু করেছিলেন বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক ও চালকেরা। হঠাৎ এই ধর্মঘটের কারণে হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগের শিকার হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার দুপুরে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন অ্যাম্বুলেন্স মালিক সমিতির শীর্ষ নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের জন্য স্থায়ী পার্কিং বা জায়গা বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দেন পরিচালক। তবে হাসপাতালসংলগ্ন আশপাশের রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ যেন কোনো মামলা বা হয়রানি না করে, সে বিষয়ে ট্রাফিক বিভাগকে সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানানোর আশ্বাস দেন তিনি।
বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মালিক সমিতির নেতারা জানান, সাধারণ রোগীদের চরম ভোগান্তি ও মানবিক দিক বিবেচনা করে তারা আগামী সাত দিনের জন্য আন্দোলন ও ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবির স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।