তাহসিফ সৌরি হত্যা মামলা: চার দিনের রিমান্ডে দীপ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিওয়াসের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বেলা সাড়ে তিনটার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, পলাতক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করে দেয়ায় পরিকল্পিতভাবে তাহসিফ সৌরি হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার নেপথ্য কারণ ও জাড়িত অন্যান্যদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে দুই দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি মামলাটি যেন কোনো ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ বা ভিন্ন খাতে প্রভাবিত না হয়, সে বিষয়টি তুলে ধরে আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার ভোর রাতে সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।