বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর মোড় উন্মোচিত হয়েছে। তুরাগ নদ সংলগ্ন টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার ঠিক আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে এক তরুণী এবং তাঁর ‘ছোট ভাই’ হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপ উপস্থিত ছিলেন। একাত্তর টিভির হাতে আসা একাধিক সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।
সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর দিবাগত রাতে তাহসিফ এক তরুণীকে নিয়ে একটি মোটরসাইকেলে করে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত 'নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার'-এ যান। এর কিছুক্ষণ পর অপর একটি মোটরসাইকেলে চড়ে সেখানে পৌঁছান দীপ। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, তাহসিফ ও সিসিটিভি ফুটেজে থাকা তরুণী পানশালার লিফটে ওঠার আগে ‘জুনিয়ার ফ্রেন্ড’ দীপের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন।
পরবর্তীতে হেলমেট পরিহিত দীপ সেখানে এলে তারা তিনজন একসঙ্গে পানশালার ভেতরে প্রবেশ করেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করার পর তারা আবার মোটরসাইকেলে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। হত্যাকাণ্ডের ঠিক আগের এই দেড় ঘণ্টার অবস্থান এবং সাথে থাকা সেই তরুণীর পরিচয় নিয়ে এখন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে সাবেক বিমান কর্মকর্তার নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁর ‘বন্ধুর মতো ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে প্রথমে পিবিআই হেফাজতে নেয়ার পর নৌপুলিশের করা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার রাতে উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হলে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার দিন শুরু থেকেই দীপ ও তাহসিফ একসঙ্গে ছিলেন। রিমান্ডে থাকা দীপের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ, যা তাহসিফের বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ফোন পেয়েই উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ এবং বারে উপস্থিত থাকা সেই তরুণীর পরিচয় শনাক্ত করে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।