ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় নতুন ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
নতুন এই ব্যবস্থার অধীনে প্রাথমিকভাবে নির্দিষ্ট ছয়টি রুটে ছয়টি আলাদা কোম্পানির ব্যবস্থাপনায় বাস পরিচালিত হবে। মূল উদ্দেশ্য হলো একই রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রী ওঠানামার অসুস্থ মহড়া বন্ধ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে এই ছয়টি রুটে মোট ৮১৬টি বাস চলবে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে রুটভেদে বাসের রং আলাদা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সহজে নির্ধারিত রুটের বাস শনাক্ত করা যায়।
চালু হওয়া ছয়টি রুট ও নির্দিষ্ট পরিবহনগুলো হলো-
শিববাড়ী (গাজীপুর) থেকে আজিমপুর: ভিআইপি পরিবহনের ২৫৩টি বাস।
মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ: চিড়িয়াখানা সিটি বাসের ১৩৩টি বাস।
ঘাটারচর থেকে ডেমরা: রমজান আলী এন্টারপ্রাইজের ৭০টি বাস।
ঘাটারচর থেকে কাঁচপুর: ফোর স্টার বাস লাইনের ১৫০টি বাস।
ঘাটারচর থেকে ধউর: পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি বাস।
টঙ্গী থেকে আজিমপুর: ঢাকা চাকার ২০টি এসি বাস।
ডিটিসিএ জানিয়েছে, রাজধানীর সামগ্রিক বাস নেটওয়ার্ককে ধাপে ধাপে একটি আধুনিক ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে খুব শিগগিরই এসব বাসে নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকেটিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে।