শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা মেট্রোরেলের তিনটি স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবকটি স্টেশনই সচল রয়েছে এবং স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। রোববার এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তার স্বার্থে দুপুর নাগাদ রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ নম্বর স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
রোববার সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মিরপুর এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং মুহুর্মুহু কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ছোড়ে। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয়।
পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় এবং যান চলাচল স্বাভাবিক হওয়ার পর বন্ধ থাকা মেট্রোরেল স্টেশনগুলো পুনরায় খুলে দেওয়া হয়।