আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকরা কাজে ফিরুন: স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং তারা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আন্দোলনরত শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহবান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আন্দোলনে সহিংসতার অভিযোগে যেসব শ্রমিক ইতিমধ্যে আটক হয়েছেন, তাদের বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

একই বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, খুব অল্প সময়ের মধ্যেই মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। আমরা সেখানে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরব। মঙ্গলবার নিজেরা মিটিং করে মজুরি বোর্ডে আমাদের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবো।

মজুরি বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পাবেন।

চলমান পোশাক খাতের বিশৃঙ্খলার পেছনে বহিরাগতদের হাত রয়েছে উল্লেখ করে বাবুল আখতার বলেন, বহিরাগতরা বিভিন্ন কারখানায় গিয়ে জোর করে ছুটি দিতে বাধ্য করছে। এদের মধ্যে বকেয়া না পাওয়া কিছু শ্রমিক যেমন আছে, তেমনি হকার এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী মহলের লোকও রয়েছে।

সাধারণ শ্রমিকদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, শ্রমিকেরা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ধর্মঘট ডাকেনি। তাই উসকানিতে পড়ে কোনো বিপদে পড়লে শ্রমিক সংগঠনগুলোকে পাশে পাওয়া যাবে না। কোনো উসকানিতে পা না দিয়ে আপনারা কাজে ফিরে যান। হাতেগোনা কয়েকটি ফ্যাক্টরিতেই শুধু ঝামেলা হচ্ছে। তাই যেসব কারখানার শ্রমিকেরা কাজ করতে চান, তাদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

একই সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান এই শ্রমিক নেতা।