রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো পথে আসা বাসটি অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটে এ দুর্ঘটনা।
বুধবার (৪ নভেম্বর) সকালে শাহ আলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক শফিকুল, তার এক যাত্রী এবং দুই নারী পথচারী। তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে মিরপুরের নবাবেরবাগ এলাকায় উল্টো পথে আসা এশিয়ান ইউনিভার্সিটির বাসটির সঙ্গে অটোরিকশা দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশাচালক ও যাত্রীরা।
এলাকাবাসীর অভিযোগ, মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচলকারী বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ।
তবে ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে সাতটার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে সকাল সাতটা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশন জানায়, দুর্ঘটনাস্থল থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে উদ্ধারকাজ শেষ করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় জড়িত এশিয়ান ইউনিভার্সিটির বাসটিও।