তৈরি পোশাক খাতে এই মুহূর্তে কোনো প্রকৃত শ্রমিক আন্দোলন হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং পতিত আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতা সৃষ্টির অংশ হিসেবে এসব করাচ্ছে। সরকার এসব উদ্দেশ্যমূলক কর্মসূচি কঠোর হাতে দমন করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা হচ্ছে তা কোনো শ্রমিক আন্দোলন নয়। রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হচ্ছে এবং পতিত আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতার জন্য এটি করাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উদ্দেশ্যমূলক এসব কর্মসূচি সরকার কঠোরভাবে দমন করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন।
ডিবি হেফাজতে নেওয়া সাংবাদিকদের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনার বিস্তারিত তার জানা নেই। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।