এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্টার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্টার (কাজী) নিয়োগের উদ্যোগ থেকে আইন মন্ত্রণালয়কে সরে আসার আহবান জানিয়েছে মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদ।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের বিধি মোতাবেক প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্টার বহাল রাখা উচিত। বর্তমান নিয়মে প্রতি বিবাহ নিবন্ধনে প্রাপ্ত ফি থেকে তারা সরকারকে ভ্যাট ও ট্যাক্স প্রদান করে থাকেন। এই সীমিত উপার্জনের মধ্যে যদি প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্টার নিয়োগ করা হয়, তবে তাদের আয় একেবারে কমে যাবে এবং জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে।

সংগঠনের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- প্রতি ইউনিয়নে তিনজন নিকাহ রেজিস্টার নিয়োগের উদ্যোগ বন্ধ করা,বিবাহ রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ করা এবং বাল্যবিয়ে রোধে কঠোর পদক্ষেপ নেওয়া।

সরকার যদি প্রতি ইউনিয়নে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে আগামী দিনে আরও কঠোর ও বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দেন নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদের নেতারা।