গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম; তাই এ খাতের সুশাসনই কেবল গ্রাহকদের প্রকৃত সুরক্ষা দিতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে সুশাসনের অভাবে পুরো ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছিলো উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সুশাসন শুধু ব্যবসায়িক পর্যায়ে নয়; এটি ব্যক্তি, খাত ও রাষ্ট্রের সর্বস্তরেই জরুরি।
কর্পোরেট সুশাসনের গুরুত্ব তুলে ধরে খন্দকার আবদুল মোক্তাদির আরও বলেন, কর্পোরেট সুশাসন একটি প্রতিষ্ঠানে সততা, পেশাদারিত্ব এবং জবাবদিহি তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য ১৩টি ব্যবসায়িক শাখায় কর্পোরেট সুশাসনের স্বীকৃতিস্বরূপ মোট ৪৪টি প্রতিষ্ঠানকে এই জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করা হয়।