জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ চিত্র দেখা গেছে।
তালিকা অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুর মান সূচক ৩৩৪।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। শহরটির বায়ুর মান সূচক ১৭১। ১৬৯ সূচক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। আর ১৫৯ সূচক নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।