সাঈদ খোকন সাত দিনের হেফাজতে পেলো ডিবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার একটি বাসায় এসআরবির একটি দল অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে গুলশান থানা-পুলিশের হেফাজতে এবং পরবর্তীতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোদ্র সুজন হক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে অংশ নেয় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব। ওই দিন বিকেলের দিকে গুলিবিদ্ধ হয়ে সে নিহত হয়।

তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

ডিবি পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় সাঈদ খোকনের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন এবং তাঁর নির্দেশেই ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। এমনকি তিনি আন্দোলনে দমনে অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে।

তদন্ত সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষমতার পালাবদলের পরও খোকন রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করে আসছিলেন। পাশাপাশি দলের পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি। মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত এবং তাদের নেটওয়ার্ক ভাঙার স্বার্থে তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।