ঢাকায় তরুণীকে প্রকাশ্যে কোপালো যুবক, দাঁড়িয়ে দেখলো জনতা

ঢাকার মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণীর নাম নূপুর (২২)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা এবং মিরপুরের সরদার অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। অন্যদিকে আটক যুবকের নাম রায়হান (২৫)। তিনিও একই কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানা থেকে দুপুরের খাবার খেতে বাসায় ফেরার পথে শিয়ালবাড়ী এলাকায় নূপুরের পথরোধ করেন রায়হান। এ সময় তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কোপান ওই যুবক। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় ওই তরুণীকে কোপানো হলেও আশপাশে উপস্থিত লোকজন ভয়ে বা উদাসীনতা থেকে এগিয়ে আসেননি।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে পাঠায়।

পুলিশ জানায়, এটি কোনো শ্রমিক অসন্তোষ বা কারখানার অভ্যন্তরীণ কোনো গোলযোগের ঘটনা নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি ওই তরুণী যুবকের বিয়ের প্রস্তাব নাকচ করায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান রায়হান।

পুলিশ আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।