চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনেই রাজধানী ঢাকায় ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে একের পর এক এমন বিস্ফোরণের ঘটনার মধ্যেও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এদিকে আগামী ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং মেঘলা মিলি (৪১)।
প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করা হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিও রেকর্ডের সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম আরও তীব্র করে পুলিশ। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা উঠে আসে বলে দাবি ডিবির।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। পরবর্তীতে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন এবং যুবলীগ নেত্রী মেঘলা মিলিকে গ্রেপ্তার করে ডিবি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডিবির দাবি, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এই গান পাউডার সংগ্রহ করেন মামুন।
পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে তিনি গান পাউডারগুলো ঢাকায় নিয়ে আসেন। পুরো এই নাশকতা ও বিস্ফোরক সরবরাহের বিষয়টি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন বলে তদন্তে জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।