সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, রাতে অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বামপন্থী রাজনীতির হাত ধরে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ সময় সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এর ফলে অন্যদের মতো নুরুল ইসলাম নাহিদও তাঁর সংসদ সদস্য পদ হারান।
এদিকে, সম্প্রতি দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারিতে ছিলেন এই সাবেক মন্ত্রী। গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।
কমিশনের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সঠিক পরিমাণ নির্ধারণ করতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির প্রক্রিয়া চলছিল। এরই মাঝে মধ্যরাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন তিনি।