বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১১ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৪০২)। দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (স্কোর ৩০৪) যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২৭৭), চতুর্থ স্থানে আরব আমিরাত (১৬৮) এবং পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৬৬)।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।