রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র্যাংস প্লাজায় অবস্থিত ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ।
রুপা ও হীরার গয়না মিলিয়ে মোট খোয়া যাওয়া অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি এবং এর পাশাপাশি দোকান থেকে ১০ থেকে ১২ লাখ নগদ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মালিক অমিত ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনো পলাতক রয়েছে এবং তাকে ধরতে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার মাত্র পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মীকে নিয়োগ দিয়েছিল; কিন্তু তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র সংগ্রহ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নিরাপত্তাকর্মীই এই চুরির ঘটনায় মূল ভূমিকা রেখেছেন।
দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল। এই লুটের ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে এবং এরপর থেকেই তিনজন নিরাপত্তাকর্মীর কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিযুক্ত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং বাকি দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।
সনজিৎ শীল আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে ঢুকতে দেখা গেছে এবং সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সাহায্য করেন এবং ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্বর্ণ লুটের ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং তদন্ত চলছে; ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর থেকেই শপিং মলটি ঘিরে রেখেছে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
এদিকে প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি পুলিশকে জানান, দায়িত্ব পালনের সময় নিরাপত্তাকর্মী সালাম তাকে জোড়া কলা খেতে দেন এবং সুপারভাইজার রিপনও কলা খান; এরপর তারা অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে কী ঘটেছে তা মনে নেই। মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, সকালে এসে লুটের খবর পান তিনি; ওই কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে এবং নিজাম সরদার পলাতক রয়েছেন।
জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও মিষ্টি খাইয়ে একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল, কিন্তু তখন মালিক বিষয়টি টের পাওয়ায় দুর্বৃত্তরা সফল হয়নি; তবে এবার দোকান একেবারে খালি করে ফেলেছে তারা।