রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের ধারাবাহিকতায় ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডির ৩/এ এলাকায় এই সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এসময় তিনি বলেন, রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি একটি পরিবেশবান্ধব নগর গড়ে তোলার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। ধানমন্ডি লেকের এই পুনঃখনন কার্যক্রম সার্বিক নগর ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ধানমন্ডি লেকটিকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে স্থানীয় অধিবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংস্কার ও পুনঃখনন বাস্তবায়নের মাধ্যমে লেকটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি ও জলপ্রবাহ স্বাভাবিক রাখা হবে। এটি বর্ষাকালে এলাকার জলাবদ্ধতা নিরসনে সহায়তার পাশাপাশি সার্বিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বড়ো ভূমিকা রাখবে।
উদ্বোধন পর্ব শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দক্ষিণ সিটির প্রশাসক লেকের আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং চলমান সংস্কারকাজের স্থানগুলো পরিদর্শন করেন।
