সরকারি চাকরির তিন হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি।
বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে বলা হয়েছে।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৬তম বিসিএসের আবেদন করা যাবে।
পিএসসি জানিয়েছে, আগামী বছরের মার্চ মাসে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ।
পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে দুই হাজার ৭৪ জন, সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।
দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।