টাকার জন্য কেয়ারটেকারের হাতে বাড়িওয়ালা খুন

চট্টগ্রামের খুলশীর জালালাবাদে নির্মাণাধীন বাড়ির মালিক নেজাম পাশাকে টাকার জন্য বাড়ির কেয়ারটেকার হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

হত্যার ঘটনায় গ্রেপ্তার বাড়ির কেয়ারটেকার মো. হাছান প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এমন কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিএমপি ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ডেপুটি পুলিশ কমিশনার মোখলেসুর রহমান। 

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, কেয়ারটেকার মো. হাছানের ২০ হাজার টাকার দরকার ছিল। টাকার জন্য সে ভবন মালিক নেজাম পাশার সন্তানকে ফোন করে। কিন্তু টাকা না দেয়ায় নেজামকে শ্বাসরোধ করে হত্যা করে হাছান। 

আরও পড়ুন: কভার্ড ভ্যান ও মোটরসাই‌কেলের সংঘ‌র্ষে যুবকের মৃত্যু

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর রেয়াজুদ্দিন বাজারের তামাককুন্ডী লেইন থেকে হাছানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।  

হাছানের সাথে আর কেউ জড়িত ছিল কিনা এবং হত্যার অন্য কোন কারণ আছে কিনা তারও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, গেল ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর গ্রামের বাসিন্দা নেজাম পাশার মরদেহ নগরে তার নির্মাণাধীন ভবনের নীচ থেকে উদ্ধার করা হয়।


একাত্তর/এসজে