পটুয়াখালী বাসস্ট্যান্ডের সামনের মহাসড়কে কভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ভ্যানটিকে আটক করলেও পালিয়ে গেছেন চালক।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম বরিশাল নগরীর আমতলার মোক্তার হোসেনের ছেলে।
সদর থানা পুলিশ ও হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল চালক তানিমসহ চার বন্ধু দুটি মোটরসাইকেলযোগে ভোরে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। সকাল সোয়া সাতটায় পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তানিম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা অপর যুবক সোহানের আঘাত সামান্য হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: বাড়ি ফিরলেন বাউল মেহেদী, কাটেনি নিরাপত্তাহীনতা
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কভার্ড ভ্যানটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরবিএস
